‘বিদেশিদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে’

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮

বিদেশিদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান। তিনি বলেন, বিদেশিরা বলেছে- দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমি বিদেশিদের কথা দিয়েছি- দেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। এর জন্য যা যা করা দরকার পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে করে মানুষ ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে।

নির্বাচন নিয়ে দেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বিরোধীদের কোনো ষড়যন্ত্রই কাজ হবে না। আগামী ৭ জানুয়ারি পরিবার-আত্মীয়স্বজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। বেশি বেশি ভোটার উপস্থিতি করতে হবে। আমরা প্রমাণ করে দিতে চাই দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে।

তিনি বলেন, বিএনপি এত দিন গুজব ছড়িয়েছে যে বিদেশিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। দেশের মানুষ আর তাদের গুজব শুনতে চায় না এমনকি তাদের দলের লোকজনও না। গত এক বছর ধরে বিএনপি আওয়ামীলীগ সরকারকে ফেলে দিবে বলে ডেডলাইন দিয়েছে। তাদের এ সব ডেডলাইন ভুয়া প্রমাণিত হয়েছে। তাদের দলের সাধারণ কর্মীরাও আজ এসব ডেডলাইনের কথা বিশ্বাস করতে চায় না।

আমরা অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সালমান এফ রহমান। পরে বেলা আড়াইটায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইমাম ও আলেম-ওলামা সমাবেশে যোগ দিয়ে সেখানে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু,  নবাবগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম খলিল, ঢাকা জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিমসহ উপজেলার ব্যবসায়ী সংগঠনের ও ইমাম ও আলেম-ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইত্তেফাক/এবি