১ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হলো জাতীয় বই বিতরণ অনুষ্ঠান ২০২৪। মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক ও মাধ্যমিক ২টি প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিব উল্লাহ খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই ।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিব উল্লাহ খান বলেন, ৫টি উপজেলার ২৭০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, আমরা ৭১৯টি প্রাথমিক বিদ্যালয়ে আগেই সব বই পাঠিয়ে দিয়েছি। আমাদের বইয়ের চাহিদা ছিল ৭ লাখ, ৫৩ হাজার ৩৪৫ কপি। আজকে জেলা পর্যায়ে সেন্ট্রালি শহরের শকুনী লেকেরপার নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করি।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, নতুন বছরের প্রথম দিন নতুন বই আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল মায়েদের অবদান অপরিসীম, এ জন্য জেলা প্রশাসক প্রত্যেক মায়েদের তাদের সন্তানের ক্ষেত্রে আরও যত্নবান ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান ও স্মার্ট দেশ গড়ার জন্য সকলকে আহ্বান করেন।
