সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:৫০

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে চট্টলা এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের খবর আসেনি। কয়েকজন যাত্রী দাবি করেছেন, ট্রেনের ইঞ্জিনের লাগোয়া বগি লাইনচ্যুত হলেও প্রাথমিকভাবে চালক খবর পাননি। লাইনচ্যুত অবস্থায় ট্রেনটি অনেকটা পথ পাড়ি দেয়।

যাত্রী ও রেল পুলিশ জানিয়েছে, সকাল ছয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি উপজেলার শুকলাল হাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে অন্তত ১ কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে আনোয়ার হোসেন নামে একজন যাত্রী গণমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রাম থেকে কুমিল্লার লাকসামে যাচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়ির ভেতরে অন্ধকারে ছেয়ে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু পরে দেখি, ট্রেনের ধোঁয়া বগির ভেতরে ঢুকে অন্ধকার হয়ে গেছে। তখনও ট্রেন চলছিল। কিন্তু চালক বুঝে উঠতে পারেননি। কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে যায়।’

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির এসআই আমজাদ হোসেন বলেন, ‘চট্টলা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় দেখতে পাই। এতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার কারণ সম্পর্কে রেলওয়ে কর্তৃপক্ষ বলতে পারবে।’

সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার মোজাম্মেল হোসেন বলেন, ‘উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ আছে।’

ইত্তেফাক/এইচএ