সুবিধাভোগীদের বাধ্যতামূলক ভোট

সোয়া ৩ কোটি ভোটারকে কেন্দ্রে নিতে রিটের শুনানি ১০ জানুয়ারি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারকে উপস্থিত করে তাদের বাধ্যতামূলক ভোটদানের নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

আইনজীবী ড. বশির আহমেদ বলেন, অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটদানে বাধ্যতামূলক করার বিধান রয়েছে। আমেরিকার দুটি অঙ্গরাজ্যে ভোট দেওয়ার বাধ্যতামূলক বিধান চালু রয়েছে। বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ। এই দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদানে বাধ্যতামূলক করা প্রয়োজন। এ কারণে রিট দায়ের করেছি।

তিনি জানান, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছে। এছাড়া আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী মিলে মোট সোয়া ৩ কোটি ভোটার রয়েছে। রিটে ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/কেকে