দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে থাকেন এক সময়ের নন্দিত চিত্রনায়িকা শাবানা। সম্প্রতি এই অভিনেত্রীর নিউজার্সির বাড়িতে গিয়েছিলেন অভিনেতা মিশা সওদাগর। সহকর্মীকে কাছে পেয়ে নিজ হাতে রান্না করে খাইয়েছেন শাবানা।
সংবাদমাধ্যম অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন মিশা সওদাগর। এর মধ্যে যোগাযোগ হয় শাবানার সঙ্গেও। মিশাকে তার বাড়িতে দাওয়াত করেন শাবানা। ২৮ ডিসেম্বর মিশা যান শাবানার নিউজার্সির বাড়িতে।
যুক্তরাষ্ট্র থেকে মিশা বলেন, ‘শাবানা আপা আমার জীবনে কী, তা আমিই জানি। চার বছর ধরে দেশে আসেননি তিনি। কথা হলেও আপার সঙ্গে দেখা হচ্ছিল না। মনটা চাইছিল, আপা-দুলাভাইয়ের সঙ্গে দেখা করার। এবার সে সুযোগটা হয়ে কাজে লাগল।
এত দিন পর তাদের সঙ্গে দেখা হয়ে অসাধারণ সময় কাটল। বাসায় চুটিয়ে আড্ডা দিয়েছি। আপা তো আমি যাব বলে অনেক কিছুই রান্না করেছেন। নিজের হাতে খাবার তুলে খাইয়েছেন।’
মিশা জানান, প্রিয় অভিনেত্রীর রান্নার পদের মধ্যে ছিল পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, ইলিশ মাছ, বেগুন ভাজি, সবজি ও ডাল। তিনি বলেন, ‘ আপা নিজেই রান্না করেছেন।
উনার রান্না তো অতুলনীয়। বড় বোন হয়ে তিনি পরম মমতায় পাতে তুলে খাবার খাইয়ে দিয়েছেন, এ আন্তরিকতার অনুভূতি সত্যিই অন্য রকম।’ বললেন মিশা।
চলচ্চিত্রে অভিনয়ের সূত্রে শাবানার সঙ্গে পরিচয় হয় মিশা সওদাগরের। একটা সময় তা পেশাগত সম্পর্ককে ছাপিয়ে অনেক বেশি পারিবারিক হয়ে ওঠে। শাবানা ও তার প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিকের খুবই স্নেহভাজন একজন হয়ে ওঠেন মিশা সওদাগর।
মাত্র আট বছর বয়সে সিনেমায় অভিনয়ে নাম লেখান শাবানা। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ নামের ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন। এরপর ‘চকোরী’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু।
১৭ বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন চলচ্চিত্রের গুণী এই অভিনয়শিল্পী। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

