ডিআইজি মিজান কারাগারে

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৮:০২

দুদকের দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে আজ মঙ্গলবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেন আদালত।

উভয়পক্ষের শুনানি শেষে ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। তাকে এজলাসের পেছনের একটি কক্ষে বসতে দেওয়া হয়।

আরও পড়ুন: লতিফ সিদ্দিকীর জামিন বিষয়ে আদেশ বুধবার

শুনানিতে এডভোকেট এহসানুল হকসহ আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল ও জাহাঙ্গীর আলম জামিনের বিরোধিতা করেন। বাসস

ইত্তেফাক/কেকে