কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭

কিয়েভে ২৯ ডিসেম্বর স্মরণকালের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় বৃহস্পতিবার নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এটিই ছিল ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে মারাত্মক হামলা।

রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, কয়েকটি শক্তিশালী আক্রমণ প্রতিরোধ করার জন্য তার কাছে যথেষ্ট অস্ত্রশস্ত্র রয়েছে তবে শীঘ্রই আরও সহায়তার প্রয়োজন হবে।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছেন, ‘২৯ ডিসেম্বর শত্রুর ক্ষেপণাস্ত্র হামলার ফলে মৃতের মোট সংখ্যা হয়েছে ৩২ জন। আহত হয়েছেন আরও ৩০ জন।’

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ৩২ জনের সবাই একটি গুদামে ছিল। রাশিয়া বলছে, তারা শুধু সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো শনিবার বলেছিলেন, ২৯ ডিসেম্বরের হামলা ছিল বেসামরিক হতাহতের দিক থেকে সবচেয়ে বড়।

বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া সেদিন বিমান প্রতিরক্ষা ধ্বংস করতে ইউক্রেনের ওপর ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত ও ১৭০ জন আহত হয়।

ইত্তেফাক/এসএটি