শেখ হাসিনা আপনাদের মাঝে তার মা-বাবা-ভাইদের খুঁজে পান: শামীম ওসমান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৩

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিানকে উদ্দেশ্যে করে বলেছেন, আপনার কাছে চাওয়ার কিছু নেই। আপনি সব দিয়েছেন। আমার নারায়ণগঞ্জের মানুষ মেট্রোরেলে উঠতে চায়। সন্তান কখনও মায়ের কাছে চায় না। মা সন্তানের আবদার এমনিতেই পূরণ করে দেয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। 

শামীম ওসমান বলেন, আমাদের মানচিত্রের ওপর খুনি শকুন উড়ছে। মাঠে তাদের পথ করে দিচ্ছে ১৯৭৫ সালের পরাজিত শক্তি ও সন্ত্রাসী দল বিএনপি। ১৯৭০ সালের নির্বাচনের পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন। শেখ হাসিনা আপনাদের মাঝে তার মা-বাবা-ভাইদের খুঁজে পান। আপনারা কি এই মহিলার জন্য দাঁড়াবেন না? 

বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান। ছবি: তাপস সাহা

শামীম ওসমান আল্লাহর নামে শপথ করে বলেন, আমরা কী প্রস্তুত আছি? উপস্থিত জনতা এ সময় দুই হাত তুলে নিজেদের প্রস্তুতির সাড়া দেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বেঁচে যাওয়ার অপরাধে শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদের ওপর বোমা হামলা করা হয়েছে। সেই বোমা হামলায় আমার বন্ধু চন্দন শীলের দুই পা নেই। সেই বোমা হামলার পর রক্তের ওপর শুয়ে ছিলাম। রক্ত কত গরম হতে পারে সেদিন টের পেয়েছিলাম। 

শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু চলে না গেলে আমাদের রাজনীতি করার কথা ছিল না। আমরা জাপানের মতো উন্নত দেশ থাকতাম। আমাদের স্বপ্ন দেখাতে শুরু করেছেন শেখ হাসিনা। কয়েকদিন আগে মায়ের বুকে শুয়ে থাকা এক শিশুকে খুনি জিয়ার খুনি সন্তানরা আগুন দিয়েছে। এটা কোন বাংলাদেশ? 

নেত্রীকে বলতে চাই, আপনি তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিন। আমাদের মহিলাদের মিছিল থেকে কাপড় খুলে নেওয়া হয়, আমাদের পুলিশ লাইনের হাসপাতালে আগুন দেওয়া হয়। আমরা এ দৃশ্য ভবিষ্যতে আর দেখতে চাই না।

ইত্তেফাক/পিও