মানুষের চাওয়া-পাওয়া পূরণের প্রত্যাশা প্রয়াত ভূমিমন্ত্রী ডিলুর ছেলে গালিবের

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৪

সংসদ সদস্য নির্বাচিত হলে সাধারণ মানুষের মানুষের চাওয়া-পাওয়া পূরণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালিবুর রহমান শরীফ।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।

গত বুধবার (৪ জানুয়ারি) ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় গালিব বলেন, 'আমার যা জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তার সবটুকু দিয়ে আপনাদের চাওয়া-পাওয়া পূরণ করতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের চাওয়া-পাওয়া পূরণের জন্য আমি ঢাকায় দৌড়ে যাবো। এই এলাকার মানুষের প্রয়োজন মেটাতে আমি সবই করবো।'

এ সময় তিনি জামায়াত-বিএনপির 'জ্বালাও-পোড়াও' আন্দোলনের সমালোচনা করে বলেন, 'লন্ডন থেকে নির্দেশ দিচ্ছে। আপনারা যেনো জ্বালাও-পোড়াও করে তাকে ক্ষমতায় আনেন। এটা বাংলাদেশের মানুষ কখনও মেনে নেবে না। আপনাদেরও বলছি, তারেক রহমান আপনাদের ভালো চায় না। আপনারা বিপদে পড়লে তারেক রহমান দেখতে আসবেন না। এখনও সময় আছে। শেখ হাসিনার ছায়াতলে আসেন। উন্নয়নের বাংলাদেশের সঙ্গী হন।'

এই এলাকার উন্নয়নের জন্য তার বাবা ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে অনেক উন্নয়ন কার্যক্রম ঈশ্বরদীতে নিয়ে এসেছেন উল্লেখ করে গালিবুর রহমান শরীফ বলেন, আমি ছোটবেলা থেকে দেখেছি, বাবা কীভাবে কাজগুলো করেছেন। আমিও আপনাদের জন্য কাজ করতে চাই। আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল প্রমূখ। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা।

ইত্তেফাক/এসটিএম