যুব এশিয়া কাপ চলাকালীন তামিম ইকবালের কাছে ভালো মানের ব্যাট চেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে আলাপ করে এশিয়া কাপ জয়ী যুব ক্রিকেটারদের ভালো মানের ব্যাটের ব্যবস্থা করে দিয়েছেন দেশসেরা ওপেনার। শুক্রবার (৫ জানুয়ারি) মিরপুরে যুব ক্রিকেটারদের এসব ব্যাট উপহার দিয়েছেন তামিম। এই ব্যাট দিয়ে বিশ্বকাপ মাতাবেন যুবা টাইগাররা।
ব্যাট পেয়ে বেশ উচ্ছ্বসিত এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা। ব্যাট পেয়ে ব্যাটার আশিকুর রহমান শিবলি গণমাধ্যমে বলেন, ‘তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। আজকে আমরা সেগুলো পেয়েছি। অনেক ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান (যুব দলের নির্বাচক হান্নান সরকার) স্যারের মাধ্যমে এসেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভাই (তামিম) আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই পরামর্শ দিয়েছেন। উনার ভালো-খারাপ সময়, জানিয়েছেন কীভাবে উনি কামব্যাক করেছে।’
অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘এশিয়া কাপের সময়ই যুব ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চাচ্ছিল। তখন আমি সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করি। একপর্যায়ে তামিম ইকবাল আমাদের ৩-৪টা ব্যাট দেওয়ার কথা জানায়। পরে আবার নিজ থেকে যোগাযোগ করে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা সবার (১৫) জন্যই ব্যাটের ব্যবস্থা করবে বলে জানায় তামিম। এখন সে ব্যাটগুলো পেয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা উচ্ছ্বসিত।’
