বিদায়ী টেস্টে উপহার দিলেন, উপহার পেলেন ওয়ার্নার 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:২১

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৬ সেঞ্চুরি, ৩৭ ফিফটির সঙ্গে ৮ হাজার ৭৩৬ রান। সাদা পোশাকের রঙিন এক ক্যারিয়ার শেষ করলেন অজি এই ওপেনার। 

এমন এক ক্যারিয়ারের শেষে বিপক্ষ দল থেকেও সম্মান পেয়েছেন ওয়ার্নার। সিরিজের তৃতীয় টেস্ট শেষ পুরস্কার বিতরণী মঞ্চে ওয়ার্নারকে ডেকে নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। পাকিস্তান দলের সব সদস্যের স্বাক্ষর করা বাবর আজমের জার্সি ওয়ার্নারের হাতে তুলে দেন পাক অধিনায়ক।

জার্সি তুলে দিতে গিয়ে ওয়ার্নারকে ধন্যবাদ জানিয়ে মাসুদ বলেন, ‘ধন্যবাদ তোমাকে। আমরা ভাবছিলাম পুরো দল তোমাকে বাবর আজমের জার্সি দেবো, এটা সৌজন্যতার স্মারক হিসেবে। তোমার জন্য শুভকামনা রইলো।’ 

স্মরণীয় এমন দিনে শুধু উপহার নেননি, উপহার দিয়েছেনও ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্টে আউট হয়ে ফেরার পথে নিজের গ্লাভস ও হেলমেট ওয়ার্নার তুলে দিয়েছেন এক খুদে ভক্তের হাতে। সেই ক্ষুদে ভক্তের উচ্ছ্বাসটাও চোখে পড়েছে সবারই। 

ইত্তেফাক/জেডএইচ