শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুড়িয়ে মানুষ হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছে দেশের ১৫টি সাংস্কৃতিক সংগঠন।
শনিবার (৬ জানুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহর সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে পরিকল্পিতভাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে নারী-শিশুসহ অসংখ্য মানুষকে পুড়িয়ে হতাহতের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
অবিলম্বে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানায় সংগঠনগুলো।
এছাড়াও ভোটদানে বাধা প্রদানের উদ্দেশ্যে হরতাল-অবরোধের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে যারা গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতাকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতা সংগঠনসমূহ হলো:
১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১০. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র
১২. অভিনয় শিল্পী সংঘ
১৩. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৪. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট
১৫. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
