ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টাকালে যুবক আটক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৯

ফতুল্লায় একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অজ্ঞাতরা। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও শাহিন নামে হামলাকারী এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনীতে আহত ওই হামলাকারীকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লার ১৬৯নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা এক হামলাকারীরে গণপিটুনী দিয়েছে। তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। 

ইত্তেফাক/পিও