ভারত যে তার সেরা প্রতিপক্ষ তা আবারো প্রমাণ করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার বার্মিংহামের এডবাস্টনে ভারতের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন ফিজ। ১০ ওভারে ১ মেডেনে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এই নিয়ে চতুর্থবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন মুস্তাফিজ। এর মধ্যে তিনবারই ভারতের বিপক্ষে। অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে।
২০১৫ সালে ঢাকায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম দুই ম্যাচেই চমক দেখান তিনি। ৫০ রানে ৫ ও ৪৩ রানে ৬ উইকেট নেন ফিজ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৭ রানে ২ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি পেসার। এমন নৈপুণ্য সিরিজে সেরা খেলোয়াড় হন মুস্তাফিজ।
আরও পড়ুন : বিমানের চাকা ধরে কেনিয়া থেকে লন্ডন, অতঃপর মৃত্যু
এরপর ওই বছরই ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে আবারো ৫ উইকেট নেন মুস্তাফিজ। কিন্তু চতুর্থ বারের মত ৫ উইকেট পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হলো মুস্তাফিজকে। ২০১৫ সালের পর আজ আবারো বল হাতে ৫ উইকেট নিলেন তিনি। আজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি-হার্দিক পান্ডে-মহেন্দ্র সিং ধোনি-দিনেশ কার্তিক ও মোহাম্মদ সামিকে নিজের শিকারে পরিণত করেন মুস্তাফিজ।
এই ম্যাচে ৫ উইকেট নিয়ে এবারের আসরে নিজের সেরাটাই দেখাচ্ছেন মুস্তাফিজ। এখন অবধি ৭ ইনিংসে ৪০৯ রান দিয়ে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি, ইংল্যান্ডের বিপক্ষে ১টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১টি, আফগানিস্তানের বিপক্ষে ২টি এবং ভারতের বিপক্ষে ৫টি উইকেট নেন কাটার মাস্টার।
ইত্তেফাক/কেআই
