চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয়েছে। চাঁদপুর-৩ সদর আসনে সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।
সকাল আটটা শহরের শহীদ জাবেদ হাই স্কুল কেন্দ্রে ভোটার উপস্থিতি পাওয়া গেছে ৭-৮ জন। এরপর ডিএন হাই স্কুলে সকাল সোয়া আটটায় কোনো ভোটার খুঁজে পাওয়া যায়নি।
সকাল আটটা ২০ মিনিটে লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে ভোটার উপস্থিতি পাওয়া যায়নি। স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার এজেন্টদের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখাগেছে। তারা জানান, তাদের কাগজপত্র ত্রুটির কারণে কেন্দ্রে বসতে দেওয়া হয়নি।
সকাল সাড়ে আটটায় শহরের মাতৃপীঠ গার্লস হাই স্কুল কেন্দ্রে একই অবস্থা। এখানে ভোটগ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকলেও ভোটার ছিল না।
সকাল নয়টায় চাঁদপুর হাসান আলী সরকারি হাই স্কুল কেন্দ্রে গিয়ে প্রার্থীদের সমর্থক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ভোটার উপস্থিতি ছিল শূন্য।
সকাল সোয়া নয়টায় চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি পাওয়া যায়নি। সকাল সাড়ে নয়টায় বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮-১০ জন ভোটারের উপস্থিত ছিলেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান জানান, আমাদের প্রতি ঘণ্টায় ভোটার আপডেট দিতে হয়। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ওই কেন্দ্রের প্রথম বুথ ৭টি ভোট কাস্ট হয় এবং দ্বিতীয় বুথে কাস্ট হয়েছে ২৭টি।
লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শুকুর আলম মজুমদার জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৭২৭ জন। সবাই নারী ভোটার। আমাদের সব প্রস্তুতি আছে ভোটার আসলে ভোট গ্রহণ করা হবে।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সাইদুজ্জামান জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১০৯৩ জন। এটি নারী ভোট কেন্দ্র।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার ৫ আসনে আওয়ামী লীগের ৫ প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০জন। মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬০৯। পুরুষ ভোটার ১১লাখ ১২ হাজার ৫৭৭ এবং নারী ভোটার ১০লাখ ৪৪ হাজার ৩২ জন। জেলা মোট ভোট কেন্দ্র সংখ্যা ৭০০টি। মোট ভোট কক্ষ ৪২৬৪টি, স্থায়ী কক্ষ ৪০৮৭টি, অস্থায়ী ১৭৭টি।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩জন। ভোট কেন্দ্র ১০৯টি। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫জন। ভোট কেন্দ্র ১৫৫টি। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। ভোট কেন্দ্র ১৬৫টি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ জন। ভোট কেন্দ্র ১১৮টি। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। ভোট কেন্দ্র ১৫৩টি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মুসা জানান, নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫টি আসনে সেনাবাহিনী ১০ প্লাটুন, বিজিবি ১৪ প্লাটুন, র্যাব ৫ প্লাটুন এবং প্রত্যেক কেন্দ্রে আনসার ও বিডিপির স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ৩০ জন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন ১০ জন।
