নির্বাচন অনুষ্ঠানে যদি কেউ ঝামেলা করে তাহলে ভোটাররা প্রতিহত করবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর সিটি কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি বলেন, সামান্য কিছু ঘটনা ছাড়া নির্বাচন ভালো হবে। ভোটকেন্দ্রগুলোতে ব্যালট সরঞ্জাম ঠিকমতো পৌঁছাতে পেরেছি। সব প্রস্তুতি আছে। যদি কেউ ঝামেলা করে তাহলে ভোটাররা প্রতিহত করবে।
ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে ৫ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, ২ হাজার ৩৫০ কোস্টগার্ড ও ৭ শতাধিক র্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।
এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। নির্বাচনে ২৮ দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। এছাড়া বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে।
