সিইসির কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৪০টি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১

সকাল আটটা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা ৪০মিনিটে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জানা গেছে, এই কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ভোট পড়েছে।

সিইসি বলেন, ‘আমি এইমাত্র আমার ভোটাধিকার প্রয়োগ করলাম। পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন হয়। ভোট গ্রহণ শুরু হয়েছে এটা দেখতে ভালো লাগছে। আপনাদের কাছে অনুরোধ ভোটে স্বচ্ছতা তুলে ধরবেন। মানুষের যদি অনাস্থা থাকে সেটা যেন কেটে যায় সে বিষয়ে সহযোগিতা করবেন।’

সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার দায়িত্ব ভোট আয়োজন করা, কে ভোট দিতে আসবে কি আসবে না, সহিংসতা পরিস্থিতি কি হবে না হবে, জানি না। সহিংসতা বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।’

ঢাকা-৮ আসনের আওতাধীন এই কেন্দ্রে মোট ২ হাজার ৩০০ জন ভোটার রয়েছেন। এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবিএম সাব্বির জানান, সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা এসে ভোট দিয়েছেন। সকাল আটটা থেকে এ পর্যন্ত প্রায় ৪০টি ভোট পড়েছে।

ইত্তেফাক/এআই