দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের খানসামার চকসাকোয়া সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জানুয়ারী) বিকেল দুইটা ৫০ মিনিটে কেন্দ্রটিতে প্রবেশ করে অন্য ভোটারের ভোট দেওয়ার চেষ্টাকালে তাদের আচরণ সন্দেহজনক হলে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশের সহায়তায় আটক করে থানায় সোপর্দ করেন।
আটক হওয়া ওই দুই যুবকের পরিচয়- ওই এলাকার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বেলাল ইসলামের ছেলে আসলাম ও হাফিজুর রহমানের ছেলে বিপ্লব ইসলাম। জানা গেছে, তার দুজনেই নৌকা প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে।
চকসাকোয়া সরকারি প্রাথমিক স্কুল ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, ‘জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, সকালে এই আসনের ভোট দেন আসনটির নৌকা প্রার্থী বর্তমান এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
