টাঙ্গাইল ২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এতে তিন আনসার সদস্য আহত হন। আহতরা গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
রোববার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার বোঝাই ব্যালট পেপার বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় ৩০০ ভোটের পেপার ছিল। পরে সেখানে থাকা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে। এমন পরিস্থিতিতে ভোট গ্রহন স্থগিত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ খবর ছড়িয়ে পড়লে ঈগল প্রতীকের কর্মীরা দুপুর সাড়ে তিনটায় ওই কেন্দ্রে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা একটি ব্যালট বাক্স ছিনিয়ে স্কুল মাঠে নিয়ে অগ্নি সংযোগ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
