ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আ. সালেক বলেন, এই আসনে ৯০টি কেন্দ্র ছিল। সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন। এর মধ্যে বৈধ ভোট ৯৯ হাজার ৮৯০টি। বাতিল হয়েছে ১ হাজার ৪২৫টি ভোট।
শাহজাহান ওমর এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। নাশকতার মামলায় আটক থাকার পর জামিন পেয়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ওইদিনই বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। পরে বিএনপি তাকে বহিষ্কার করে।
