পঞ্চম বার জয় পেলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগন্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬টি।

মোঃ তাজুল ইসলাম ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সাল থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন।

মো. তাজুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট এবং জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামাল লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট।

লাকসাম ও মনোহরগঞ্জ এ দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে প্রায় ৫৮.৯৮ শতাংশ। এই আসনের মোট ভোট কেন্দ্র ১২৬টি। এর মধ্যে লাকসাম উপজেলায় ৬৬টি এবং মনোহরগঞ্জ উপজেলায় ৬০টি কেন্দ্র।

ইত্তেফাক/এএইচপি