নির্বাচনে জয়ের পর সাকিবকে নিয়ে শিশিরের স্ট্যাটাস

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন সাকিব। প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই বিশাল জয় পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নির্বাচনে জয়ের পর সাকিবকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী শিশির উম্মে আল হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সাকিবপত্নী লেখেন, 'প্রিয় স্বামী, নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন, জীবনের সব খেলায় সবসময় জয়ী তুমি। আমি সেখানে না থাকলেও, আমার সমর্থন সবসময় তোমার সঙ্গে ছিল। ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর জন্য মাগুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ।' 

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ। 

প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েই নির্বাচিত হলেন জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন।  তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

ইত্তেফাক/জেডএইচ