ফরিদপুর-৪

নিক্সন চৌধুরীর কাছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান জাফরউল্লাহর হ্যাটট্রিক পরাজয়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:২৫

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীর কাছে তৃতীয়বারের মতো হারলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ। তিনি দলটির সভাপতিমণ্ডলীরও সদস্য।

এর আগে ২০১৪ সালে আনারস প্রতীক নিয়ে প্রথমবার জাফরউল্লাহকে ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন নিক্সন চৌধুরী। ২০১৮ সালে সিংহ প্রতীকে ৪৮ হাজার ভোটে তার বিপরীতে দ্বিতীয়বার জয় পান তিনি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী জাফরউল্লাহকে ২৪ হাজার ভোটে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী। 

ভোট দিচ্ছেন নিক্সন চৌধুরী। ছবি: ইত্তেফাক

রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফলে ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। ফলে ২৩ হাজার ৯৬৯ ভোটে বিজয়ী হয়েছেন নিক্সন চৌধুরী।

ফরিদপুর ৪ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, তরিকত ফেডারেশনের মাকসুদ আহম্মেদ, সুপ্রিম পার্টির মো.আলমগীর কবির, বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার ও তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী।

 

ইত্তেফাক/এএএম