গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে আমেরিকা ও ভারতীয় দুটি পর্যবেক্ষক দল। রবিবার বেলা ১২টার দিকে গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও ২ দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল। পরিদর্শনের সময় তারা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে এ প্রতিনিধি দলে কারা ছিলেন তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, নির্বাচন সম্পর্কে ওভার অল সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন। এ সময় তারা ভোট প্রদান দেখেন এবং ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কিনা, এসব বিষয়ে জানতে চান। তাদের ভোটকেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়।
রবিবার দুপুরে ভারতের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুলে কয়েকটি ভোট কক্ষের এজেন্ট, ভোটার ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেন। দুপুর ২টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এ প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন ইন্ডিয়ার দি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব এশিয়ার এস ভিনকার্ড নারায়ণ, ভারতবর্ষের সাহিত্যিক অমিতাভ রায়, ইন্ডিয়ান জাতীয় প্রেসক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। তারা গাজীপুর মহানগরীর টঙ্গীতে শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
