জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন গতকাল সোমবার দেশের শেয়ার বাজারে মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। এদিন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশেরই শেয়ার দর বেড়েছে। বেড়েছে লেনদেনও।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছিল শেয়ার বাজারে। কিন্তু নির্বাচনের পর বাজার এখন স্থিতিশীলতার দিকে যাবে বলে বিনিয়োগকারীরা মনে করছেন। যার প্রভাব পড়েছে বাজারে।
ডিএসই তথ্য বলছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫.৩৪ পয়েন্ট বেড়ে ৬২৬৯.৫১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৯৬ পয়েন্ট বেড়ে ২১০২.২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪.২১ পয়েন্ট বেড়ে ১৩৬৭.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৪৪১ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির দর।
দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বিডি থাই অ্যালুমেনিয়ামের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে ছিল সি পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটির ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং ফুড, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্স পিপি।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৯ পয়েন্ট। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেনকৃত মোট ১৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির দর।
