মাদারীপুর-৩ 

নৌকা হারেনি, ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে: গোলাপ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮

মাদারীপুর-৩ আসনে নৌকা হারেনি, ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) মাদারীপুর প্রেস ক্লাবে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

সংবাদ সম্মেলনে আবদুস সোবাহান গোলাপ বলেন, মাদারীপুর-৩ আসনে নৌকা মার্কায় ভোট দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর (ঈগল মার্কার) সমর্থকরা আওয়ামী লীগ (নৌকা) সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, বোমা হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, সংসদ নির্বাচনের ৫/৬ দিন আগে থেকেই ঈগলের প্রার্থী ও সমর্থকরা নৌকার সমর্থক ও কর্মীদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। সর্বশেষ তারা মাদারীপুরের ৫টি ইউনিয়ন, ডাসার ও কালকিনিতে ৩ শতাধিক ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, গরু চুরি করেছে। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

নৌকার এ প্রার্থী অভিযোগ করে বলেন একটি অদৃশ্য হাতের কারসাজিতে নির্বাচন পরবর্তী এই সহিংসতা ঘটছে। ঈগলের কর্মী সমর্থকরা পাকিস্তানি হানাদারকেও হার মানিয়েছে।

শুরু থেকে এই সহিংসতা বন্ধ করা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন। সকল প্রকার সহিংসতা বন্ধ, অপরাধীদের ধরে এনে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি এই সহিংসতা ঘটনার বিবরণ দিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট আবেদন দিয়েছেন। বিভিন্ন ঘটনায় পুলিশ ১৫/২০ জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল বাশারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এবি