বিরোধী দলের বিষয়ে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, বিরোধী দলের ব্যাপারে সরকারি দলের করণীয় কিছু নেই। বিরোধী দলের যারা আছে তারা মিলে সংবিধানের আলোকে ঠিক করবে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় বাবা সাবেক সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, আগামীকাল ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের আওয়ামী লীগ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে স্বতন্ত্রসহ অন্যান্য দলের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২ টায় আমাদের আওয়ামীলীগের পার্লামেন্টারি পার্টির সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকালে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য বলা হবে। তারপর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
গেজেট হওয়ার পর শপথ অনুষ্ঠিত হবে। তারপর সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতি যখন সম্মতি দিলে কেবিনেট গঠিত হবে বলে জানান তিনি।
