কিশোরগঞ্জে পাকস্থলীতে ৪ হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:১৯

পাকস্থলীতে চার হাজার ই্য়াবা বহন করার সময় র‌্যাবের হাতে ধরা পড়েছে মাদক ব্যবসায়ী মামুন মিয়া(২৬)। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রামনগর গ্রামে। তাছাড়াও তার প্যান্টের পকেট থেকেও উদ্ধার করা হয় আরো ১২৫টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট।

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মঙ্গলবার শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পাকস্থলীতে থাকা ৮০টি ক্ষুদ্র প্যাকেট মলের সঙ্গে পায়ূপথ দিয়ে বের করে আনা হয়। ইয়াবা ভর্তি উল্লেখিত প্যাকেটগুলো সে আগে গিলে খেয়েছিল। 

আরও পড়ুন: ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে নুসরাতের কলেজের দপ্তরীর জবানবন্দি গ্রহণ

র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার বিএন এম শোভন খান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য সে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে এই কায়দায় পেটে বহনের মাধ্যমে ব্যবসা করে আসছিলো। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু