‘অভিজ্ঞতা অপারেশন জ্যাকপট নির্মাণে কাজে লাগাচ্ছি’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০:৫৮

এরইমধ্যে এফডিসিতে শুরু হয়েছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার প্রথম লটের শুটিং। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব চৌধুরী। সিনেমাটির প্রযোজনা করছে অন্তর শোবিজ। এর আগে দেশ-বিদেশের অসংখ্য সফল ইভেন্ট আয়োজন করলেও এবারই প্রথম সিনেমা প্রযোজনা করছে প্রতিষ্ঠানটি। 

অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘দীর্ঘ সময়ের অভিজ্ঞতা অপারেশন জ্যাকপট নির্মাণে কাজে লাগাচ্ছি। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। তাই নিজেই প্রতিদিন শুটিংয়ে থাকছি। ইভেন্টের কাজ করেছি তিন দশকেরও বেশি সময়। শোবিজের মোটামুটি সবই আমার জানা। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাও রয়েছে। আশা করছি অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের নিয়মিত দর্শকসহ আকৃষ্ট করবে সবমহলের দর্শকদের।’

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটাই বড় আয়োজনে তুলে ধরা হচ্ছে রুপালি পর্দায়। এই ছবিতে ভিন্নরূপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকে। 

জানা গেছে, ঢাকার এফডিসিসহ বিভিন্ন লোকেশনে প্রথম লটের শুটিং শেষে বাকি শুটিং হবে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দরে। এছাড়া ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন নির্বাচন করা হয়েছে সিনেমার কাহিনী অনুসারে।

ইত্তেফাক/এএএম