মাদারীপুর-৩ আসনে নৌকা বনাম ঈগলের পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২:১৪

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুর-৩ আসনের বিভিন্ন জায়গায় হামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে নৌকা ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থী। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে মাদারীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মাদারীপুর-৩ আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ একই সঙ্গে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।

সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপ বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। নির্বাচনের পরপরই আমার নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট আগুন সন্ত্রাস করে আমার নেতা-কর্মীদের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকরা। আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। আমি এই সংঘাত থেকে মুক্তি চাই।

সংবাদ সম্মেলনে মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি পৌর সভার মেয়র এসএম হানিফ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল বাশারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ওপর দিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে বলেন নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপ আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সব মিথ্যা ও বানোয়াট তারা নিজেরাই আমার সমর্থকদের হত্যা থেকে শুরু করে হামলা মামলা বাড়িঘর ভাঙচুর করে জানমালের ক্ষয়ক্ষতি করছে। এখনো তারা সংঘাত বাজানোর জন্য চেষ্টা করছে। আমরা বিজয়ী প্রার্থী আমরা কেন সংঘাত করব। আমি চাই প্রশাসন এর সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে সঠিক বিচার করুক।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ন সম্পাদক মীর মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, সোহেল রানা মিঠু, দপ্তর সম্পাদক মো. বেলাল সরদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসিউর রহমান সবুজ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. সাইদ আহম্মেদ প্রমুখ।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

ইত্তেফাক/পিও