জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন দেশের শেয়ার বাজারে মূল্যসূচকের বড় উত্থান হলেও গতকাল মঙ্গলবার শেয়ার বিক্রির চাপে সূচক আবার নিম্নমুখী। গতকাল সূচক কমার সঙ্গে সঙ্গে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদরও কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, কোনো কোনো শেয়ারের দাম বাড়ায় অনেকেই শেয়ার বিক্রি করে মুনাফা তুলেছেন। যে কারণে গতকাল ডিএসইতে মূল্যসূচক কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। এটা ইতিবাচক।
ডিএসই তথ্য বলছে, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) গতকাল আগের কার্যদিবসের চেয়ে ১.৬৯ পয়েন্ট কমে ৬২৬৭.৮২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ মূল্য সূচক ০.৩৩ পয়েন্ট কমে ২১০১.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ০.৩৬ পয়েন্ট বেড়ে ১৩৬৭.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ২৬ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির দর।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো—বিডি থাই, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, সী পার্ল বীচ, খুলনা প্রিন্টিং, ইউনিয়ন ক্যাপিটাল, মিডল্যান্ড ব্যাংক, সেন্ট্রাল ফার্মা ও ওরিয়ন ইনফিউশন।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৬ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৯ লাখ টাকা।
