সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেশি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:০০

সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির হারের চেয়ে জাতীয় মজুরির হার এখন কম। এদিকে সঞ্চয়পত্রে মানুষের নিট বিনিয়োগও ঋণাত্মক হয়ে পড়েছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাস সঞ্চয়পত্রের নিট বিক্রি ইতিবাচক থাকলেও পরের তিন মাস ঋণাত্মক দাঁড়িয়েছে। অর্থাৎ শেষ তিন মাসে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেড়েছে। এর ফলে গত তিন মাস নিট বিক্রি (বিনিয়োগ) ঋণাত্মক ধারায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ নভেম্বর মাসে নিট বিনিয়োগ (বিক্রি) ঋণাত্মক হয়েছে ১ হাজার ৫৫৪ কোটি টাকা। আগের মাসেও নিট বিক্রি ১ হাজার কোটি টাকার বেশি ঋণাত্মক ছিল। আর সেপ্টেম্বর মাসে ঋণাত্মক ছিল ১৪৭ কোটি টাকা। যদিও অর্থবছরের প্রথম দুই মাসে ভাঙানোর প্রবণতা কম থাকায় সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ বেশ বেড়েছিল। ঐ দুই মাসে (জুলাই-আগস্ট) নিট বিক্রি ৫ হাজার ৫৬২ কোটি টাকা ইতিবাচক ছিল।

সবমিলে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) নিট বিক্রি ঋণাত্মক হয়েছে ৩ হাজার ৮৫৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়েও নিট বিক্রি ঋণাত্মক ধারায় ছিল, তবে ঐ সময় এর পরিমাণ ছিল ১ হাজার ৬১১ কোটি টাকা। অর্থাৎ নিট বিক্রি ঋণাত্মক বেড়েছে ১৪০ শতাংশ। নভেম্বর পর্যন্ত সরকারের সঞ্চয়পত্র থেকে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৫৩৫ কোটি টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে খাদ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের অক্টোবরে ১২ দশমিক ৮২ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। গত অর্থবছরের সঞ্চয়পত্র বিক্রি থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৫ হাজার কোটি টাকা। তবে বিক্রি কমতে থাকায় সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয় ৩২ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে নিট বিক্রি দাঁড়ায় ঋণাত্মক প্রায় ৩ হাজার ২৯৫ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের পুরো সময়ে সঞ্চয়পত্রের মোট বিক্রি হয় ৮০ হাজার ৮৫৮ কোটি টাকা। একই সময়ে সঞ্চয়পত্র ভাঙানোর পরিমাণ ছিল ৮৪ হাজার ১৫৩ কোটি টাকা। এর মানে পুরো অর্থবছরে এই খাত থেকে সরকার এক টাকারও ঋণ পায়নি। মূলত গত বছরের সেপ্টেম্বর থেকে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে বেশি ভাঙানোর প্রবণতা বাড়তে থাকে।

এর আগে ২০২১-২২ অর্থবছরেও সঞ্চয়পত্র থেকে তুলনামূলক কম ঋণ পেয়েছিল সরকার। পুরো অর্থবছরে ৩২ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে নিট ঋণ আসে ১৯ হাজার ৯১৫ কোটি টাকা। অথচ কোভিডের পরও ২০২০-২১ অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ হয়েছিল প্রায় ৪২ হাজার কোটি টাকা। এটি তার আগের অর্থবছরে ছিল মাত্র ১৪ হাজার ৪২৮ কোটি টাকা। 

ইত্তেফাক/এমএএম