মাদারীপুরে প্রধান শিক্ষকের ১৯৮ পদ শূন্য

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০০:৩০

মাদারীপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষকের ১৯৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে একমাত্র কালকিনি উপজেলায় ৬৬ পদ দীর্ঘদিন যাবত শূন্য। প্রধান শিক্ষকের পদগুলো শূন্য থাকায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অন্য দিকে প্রশাসনিক কাজে দেখা দিয়েছে ধীরগতি। এদিকে শূন্য পদ পূরণের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, শূন্য পদসংক্রান্ত সব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ১৯৮ শিক্ষকের পদ শূন্য রয়েছে। জেলায় মোট অনুমোদিত পদের সংখ্যা ৭১৯ জন। কর্মরত রয়েছেন ৫২১ জন। কালকিনি উপজেলায় অনুমোদিত পদ ১৯৯টি। বর্তমানে শূন্য রয়েছে ৬৬টি, শিবচর উপজেলায় ১৮০ পদের বিপরীতে শূন্য রয়েছে ৫৪টি, সদর উপজেলায় অনুমোদিত পদের সংখ্যা ২০২টি তবে শূন্য রয়েছে ৫৩টি এবং রাজৈর উপজেলায় ১৩৮ পদের মধ্যে কর্মরত রয়েছেন ১১৩ জন। শূন্য রয়েছে ২৫টি পদ। এদিকে সদর উপজেলার চরনাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘটকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোবারকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫৩টি পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম। দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রহমান সুমন প্রধান শিক্ষকের অভাবে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে বলে জানান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল জেলার চারটি উপজেলায় বর্তমানে ১৯৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ‘শূন্য পদসংক্রান্ত সব তথ্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও অবহিত করা হয়েছে।’

ইত্তেফাক/এমএএম