ঘন কুয়াশা: মাঝ নদীতে ৬ ফেরি আটকা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৩৭

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ছয়টি ফেরি।

বুধবার (১০ জানুয়ারি) দুর্ঘটনা এড়াতে দিবাগত রাত তিনটা থেকে তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই তিনটি নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে দিবাগত রাত তিনটার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে মাঝপদ্মায় ছোট-বড় ছয়টি ফেরি আটকা পড়েছে।

ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, ‌‘কুয়াশার কারণে এসব নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’

ইত্তেফাক/এইচএ