যাবজ্জীবন কারাদণ্ডাদেশ থেকে খালাস পেলেন রিজেন্টের সাহেদ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:১৬

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তার আপিল মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন—জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শাহ মঞ্জুরুল হক। 

আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, ‘এটি আসল অস্ত্র নয়। রাষ্ট্রপক্ষ বিষয়টি প্রমাণ করতে পারেনি। আদালত তার আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন।’

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। 

মো. সাহেদ | ফাইল ছবি

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। পরে উত্তরা পশ্চিম থানায় র‌্যাব অস্ত্র আইনে একটি মামলা করে।

একই বছরের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। 

ইত্তেফাক/ডিডি