হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন নেতৃত্বাধীন হামলার পর ‘শান্ত’ থাকার আহ্বান চীনের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৫:২৩

হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার পর সংঘাত ঠেকাতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। ইয়েমেন সংঘাতের বিস্তার ঠেকাতে শুক্রবার এ আহ্বান জানিয়েছে চীন।

হামাসের সঙ্গে সংহতি জানিয়ে ইরান সমর্থিত হুথি বাহিনী লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে লাগাতার হামলা চালিয়ে আসছিল। এতে বিরাট ক্ষতির মুখে পড়ে বিশ্ববাণিজ্য। বৈশ্বিক ক্ষতি বন্ধে বাধ্য হয়ে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে চীন উদ্বিগ্ন। সংঘাতের বিস্তার রোধ করতে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত  ও সংযম থাকার আহ্বান জানাই।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ফলে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ক্রমবর্ধমান সংখ্যক আক্রমণ চালিয়েছে যাকে তারা মূল আন্তর্জাতিক বাণিজ্য রুটে ইসরায়েলের সঙ্গে জড়িত শিপিং বলে মনে করে।

শুক্রবার বেইজিং জোর দিয়ে বলেছে, ‘লোহিত সাগর অঞ্চলটি আন্তর্জাতিক সরবরাহ ও শক্তি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট।’

মাও বলেন, ‘আমরা আশা করি যে সংশ্লিষ্ট পক্ষগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে লোহিত সাগরের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

তিনি আরও বলেন, চীন সকল পক্ষকে যৌথভাবে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখতে ও বেসামরিক জাহাজকে হয়রানি এড়াতে আহ্বান জানিয়েছে। কারণ এই পদ্ধতি বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের জন্য ক্ষতিকর।

ইত্তেফাক/এসএটি