ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে মোটরসাইকেল যোগে এসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৫টায় সলিমগঞ্জ সরকারি হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাবেক এমপির ব্যক্তিগত পিএস সাইফুর রহমান সোহেল ও গাড়িচালক ফারুক আহত হয়েছেন।
জানা গেছে, গত ৭ জানুয়ারি নির্বাচনের দিন হামলার শিকার হন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। এরই প্রতিবাদে শুক্রবার বিকালে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠান শেষ করে রাজধানী ঢাকায় ফেরার পথে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের অনুসারী আমিনুল, ইশতিয়াক, রুবেল, শান্তসহ ১০-১২ জন অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বাজারের লোকজন এগিয়ে এলে পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল আটক করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
