বিমানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮

বিমানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে প্রতিশ্রুতি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান। সেই সঙ্গে তিনি বলেন, ‘বিমানের কারিগরি দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে।

রোববার (১৪ জানুয়ারি) প্রথম কর্মদিবসে সচিবালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন তিনি। এ সময় ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে নবনিযুক্ত এই মন্ত্রী বলেন, ‘পর্যটন খাতকে মেলে ধরতে কাজ করা হবে।’

যাত্রীসেবা, লাগেজ হ্যান্ডেলিং সেবার উন্নতির চেষ্টা করা হবে জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখবো। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরও উন্নতি করা যায় ও কীভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে (গন্তব্য) বিমান যেতে পারে, সেগুলো দেখার চেষ্টা করবো।’

পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সেগুলো দেখবো।’

তার কোনো কর্মপরিকল্পনা আছে কিনা- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোনো মন্ত্রণালয় কী করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবো। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করবো।’

ইত্তেফাক/এইচএ