ফিফার জরিমানা

নিজেদের ওপর দায় নিচ্ছে বাফুফে

ফিফার জরিমানার টাকা এখন কে দেবে? তুষারের সাফ জবাব, ‘বাফুফে দেবে।’ তিনি বলেন, ‘বাফুফে যেহেতু তাদের মাঠ নিয়েছে, তাই এখন বাফুফেকে দিতে হবে। কারণ কিংসের কাছে তো চাইতে পারব না। আমরা মাঠ ভাড়া নিইনি।’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৬

বাফুফের হাতে নিজেদের মাঠ নেই। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে পারছে না। সংস্কারের কথা বলে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রায় চার বছর ধরে পড়ে আছে। সংস্কার চলছে তো চলছেই। আজও শেষ হয়নি ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চাভিলাষী সংস্কারকাজ। বঙ্গবন্ধু স্টেডিয়াম বন্ধ, সিলেটের স্টেডিয়ামে আন্তর্জাতিক সুযোগ-সুবিধাও কম। ফিফার খেলাগুলো আয়োজন করতে দেওয়া হয়েছিল বসুন্ধরা কিংসের মাঠে। কিন্তু এই মাঠে খেলা আয়োজন করে বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে। 

তিন ম্যাচের জরিমানার মধ্যে একটি ম্যাচ ছিল মালদ্বীপে। বাকি দুটো ম্যাচ কিংসের মাঠে হয়েছিল। মালদ্বীপের মাঠে যেটি হয়েছিল, সেটি ছিল ৫ হাজার ডলার। বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিপক্ষে খেলতে নেমে ৬টা হলুদ কার্ড পেয়েছে। এর জন্য ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নিয়ম আছে, ৫ কার্ড পর্যন্ত ৫ হাজার ডলার। ফিফার নিয়ম হচ্ছে, ৪টা পর্যন্ত কার্ড হলে কোনো জরিমানা হয় না। ১০ কার্ড হলেও ৫ হাজার ডলার জরিমানা।

মালদ্বীপ ও লেবাননের বিপক্ষে ম্যাচ দুটি হয়েছিল কিংসের মাঠে। দর্শক মাঠে ঢুকে গিয়েছিল। দর্শক গ্যালারিতে রঙিন ধোঁয়া উড়িয়েছে বলে জরিমানা করা হয়েছে। এটি জানালেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বাফুফে এই খেলা দুটি কিংসকে আয়োজন করতে দিয়েছিল। নিরাপত্তার দায়িত্বটা সঠিকভাবে পালন করা হয়নি। দর্শক প্রবেশে তল্লাশির পরও এ ধরনের ঘটনা ঘটেছে। যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, স্বাভাবিকভাবে তারা দায়িত্ব পালন করতে পারেননি। 

ঘরোয়া ফুটবল ম্যাচ আর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে পার্থক্য রয়েছে, সেটি দায়িত্ব পালনকারীরা অনুধাবন করতে পারেননি। এসবের দায়ভার বাফুফে তাদের কাঁধে তুলে নিচ্ছে। ফ্লেয়ার জ্বালানো নিষেধ। প্রথম খেলায় মালদ্বীপের বিপক্ষে গ্যালারি টপকে দর্শক মাঠে ঢুকেছে। পরের ম্যাচে লেবাননের বিপক্ষে ম্যাচে দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়, এর জন্য জরিমানা করা হয়েছে বলে জানালেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভেন্যু দেখভাল করে কিংস। নিরাপত্তাব্যবস্থার দুর্বলতায় জরিমানা গুনতে হচ্ছে। তবে এর জন্য এককভাবে কিংসকে দায় দিতে রাজি নয় বাফুফে। কিংস ও বাফুফে দুই পক্ষেরই দায় বলছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, ‘ফাঁক গলে ডুকে গিয়েছিল। নিরাপত্তা নিয়মের ফাঁকফোকড় দিয়ে অঘটন ঘটেছে। তিনি বলেন, ‘এই দায় এখন বাফুফেকেই নিতে হবে।’

মার্চে ফিলিস্তিন আসবে বাংলাদেশে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। আসবে অস্ট্রেলিয়া। বাফুফে এ দুটি ম্যাচ কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার চিন্তা করছে। বিশেষ করে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচে সব দর্শককে দেহ তল্লাশি করার কথা জানিয়েছেন ইমরান হোসেন তুষার। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচ আছে। আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে।’

ফিফার জরিমানার টাকা এখন কে দেবে? তুষারের সাফ জবাব, ‘বাফুফে দেবে।’ তিনি বলেন, ‘বাফুফে যেহেতু তাদের মাঠ নিয়েছে, তাই এখন বাফুফেকে দিতে হবে। কারণ কিংসের কাছে তো চাইতে পারব না। আমরা মাঠ ভাড়া নিইনি।’

ইত্তেফাক/জেডএইচ