ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডান ও আবাহনী নিজ খেলায় জয় পেয়েছে। ঢাকায় আবাহনী ৬-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। গোপালগঞ্জে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
ফেডারেশন কাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গোপালগঞ্জের মাঠে মোহামেডান গোল হজম করে পিছিয়ে ছিল। ১৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান আজিজ আবোলজি আবুর গোল (১-০) উজ্জীবিত করেছিল কোচ, কর্মকর্তাদের। কিন্তু প্রথমার্ধের যোগ হওয়া সময়ে গোল শোধ করেন মোহামেডানের জাফর ইকবাল।
এই গোলের পুরো কৃতিত্ব মোহামেডানের উজবেক ফুটবলার মোজাফফরভের। তিনি সেটপিস করেন। দেয়াল ভেদ করে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে ফাঁকি দিয়ে বল চলে গেলেও পোস্টের গোড়ায় লেগে ফিরে আসে। সৌভাগ্যবশত ফাঁকায় দাঁড়ানো জাফর ইকবাল বল পেয়ে পুশ করে চট্টগ্রাম আবাহনীর জালে, ১-১। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মাত্র ১০ মিনিটের মধ্যে চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় গোল হজম করে পিছিয়ে যায়।
এবারও মোহামেডানের সেই মোজাফফরভ। ৫৫ মিনিটে জটলা থেকে ফেরত আসা বলে মোজাফফরভ সহজেই গোল করেন, দলকে এগিয়ে দেন, ২-১। দুই গোলে অবদান রাখায় মোহামেডান জয় পেয়েছে। ম্যাচ সেরা পুরস্কার উঠেছে তার হাতে। গতকাল কালকের ম্যাচে গাম্বিয়ান ফুটবলার মোহামেডান অধিনায়ক সুলায়মান দিয়াবাতে খেলেননি। তিনি ঢাকায় ক্লাবেই ছিলেন। তার ইনজুরি ছিল বলে কোচ আলফাজ আহমেদ তাকে দলের সঙ্গে নেননি। লিগের ম্যাচ না ঝুঁকি নেননি কোচ। দিয়াবাতে ছাড়াও মুরাদ ও রানাকে বিশ্রাম দেওয়া হয়।
ওয়াশিংটনের হ্যাটট্রিকে আবাহনীর জয়
আবাহনীর আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানী বলেছিলেন দলটাকে সেপে আনতে একটু সময় লাগবে। বিদেশি ফুটবলাররা গোল পেলে ঠিক হয়ে যাবে। প্রিমিয়ার লিগের তিন ম্যাচ চলে গেছে। তৃতীয় ম্যাচে আবাহনী জয়ের দেখা পেয়েছে। গতকাল ফেডারেশন কাপ ফুটবলে নিজেদের প্রথম খেলায় আবাহনী ৬-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়াশিংটন। ১৫ মিনিটে আবাহনী প্রথমার্ধে নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায়। ৩১ মিনিটে ওয়াশিংটন গোল করেন। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বিধ্বস্ত হয়ে পড়ে ব্রাদার্স।
খেলার শেষ ৩০ মিনিটে ৪ গোল হজম করে। প্রথমে হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়াশিংটন, ৮৩ ও ৮৬ মিনিটে গ্রানাডার ফরোয়ার্ড ষ্টুয়ার্ট জোড়া গোল করেন। এই ফুটবলার লিগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৮৮ মিনিটে গোল করে জয় এনে দিয়েছিলেন। ব্রাদার্সের গাম্বিয়ান কোচ ওমর সিসে দায়িত্ব নেওয়ার পর বড় ব্যবধানেই হারল। টানা তিন ম্যাচে ব্রাদার্স ১৮ গোল হজম করল।
গত ২৬ জানুয়ারি ফেডারেশন কাপ ফুটবল শুরু হয়। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ ২৩ জানুয়ারি। শুক্রবার গোপালগঞ্জে লিগের খেলায় নামবে বসুন্ধরা-শেখ জামাল। রাজশাহীতে ফর্টিস-রহমতগঞ্জ।
