পদ্মায় পাটুরিয়া ঘাটের কাছাকাছি পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধারকাজ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ঘটনাস্থলে পৌঁছলে ডুবে যাওয়া ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা শুরু হয়। তবে কর্তৃপক্ষ জানায়, মূল কাজ এখনও শুরু হয়নি। উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আসার পরই ফেরিটি উদ্ধারের মূল কাজ শুরু হবে।
বিআইডাব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘দুই ধাপে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ করা হবে। প্রথম ধাপে ডুবে যাওয়া ফেরিতে থাকা ট্রাকগুলো শনাক্ত করে উদ্ধার করা হবে। দ্বিতীয় ধাপে ফেরি উদ্ধার করা হবে। এরই মধ্যে দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আরেকটি উদ্ধারের চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সব ট্রাক উদ্ধার করা হবে।’
প্রসঙ্গত, বুধবার সকালে নয়টি ট্রাকসহ রজনীগন্ধা নামের একটি ফেরি পাটুরিয়াগামী ঘাটের কাছে পানিতে ডুবে যায়। ফেরিতে থাকা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু সহকারী চালক হুমায়ুনের সন্ধান এখনও পাওয়া যায়নি।
