সম্প্রতি ঢাকার জনদুর্ভোগ নিয়ে একটু সরব হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। যানজট ও ভিআইপি মুভমেন্ট নিয়ে অন্য অনেকের মতো তিনিও বিরক্ত। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হতাশা।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়েছেন সিয়াম। ক্ষোভের সুরে তিনি লিখেছেন, “নির্বাচন শেষ হয়ে গেল। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না, রাস্তার কী অবস্থা?
পরিচিত মানুষেরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাব না। ভালো লাগে বলতে, আপন লাগে।”
সিয়াম বলেন, “একটা মানুষ যদি প্রতিদিন তিন ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু বেড়েই যাচ্ছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হলো ‘ভিআইপি মুভমেন্ট’। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো থাকে!”
এমন সমস্যা থেকে নিস্তার চেয়ে সরকারের প্রতি আর্জি জানিয়ে সিয়াম বলেন, “দয়া করে এখনও যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন।
রিজিকের জন্য সবাইকেই প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরাও পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।”
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fteamsiamahmed%2Fposts%2F937729107720654&show_text=true&width=500" width="500" height="354" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
ঢাকা যানজট সমস্যা নিয়ে এভাবে স্পষ্ট ভাষ্যে তেমন কোনো তারকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলতে দেখা যায়নি। কারণ পর্দার তারকারা বরাবরই শান্তিপ্রিয়। তারা এতটাই শান্তিপ্রিয় যে, সিয়ামের পোস্টে নির্মাতা চয়নিকা চৌধুরী ছাড়া উল্লেখযোগ্য কোনো তারকার মন্তব্যও দেখা যায়নি!
