মাদারীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে শহরের আশপাশের শীতার্তদের শীত নিবারণে শীতবস্ত্রগুলো বিতরণ করলে তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, পুনাক মাদারীপুরের সভানেত্রী শিউলি আক্তার শহরের আশপাশের দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশ পাশের থেকে ছুটে আসে প্রায় শতাধিক ভাসমান ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও পথশিশুরা। পরে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুশৃঙ্খলভাবে তাদের হাতেও শিউলি আক্তার শীতবস্ত্র তুলে দিয়েছেন। শীতবস্ত্রগুলো পেয়ে বেজায় খুশি হতে দেখা যায় এসব দুঃস্থ শীতার্তদের।
এ প্রসঙ্গে জানতে চাইলে সভানেত্রী শিউলি আক্তার বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাক এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের এখন শীতবস্ত্র দিচ্ছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।
এ সময় পুনাক মাদারীপুরের সাধারণ সম্পাদক রাহিন বিনতে লাবানসহ অন্যান্য সদস্যরা। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
