যশোরে ছুরিকাঘাতে দুই জনের মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০১:৩০

যশোরে এক দিনে ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছে। গতকাল শনিবার যশোর শহরতলীর শেখহাটি এবং ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সঙ্গে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে ১ হাজার টাকা ধার করেন ইমরান, আসাদুল ও তপু। শুক্রবার সকালে দিপু ঐ তিন জনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করে। এ সময় তাদের সঙ্গে দিপুর কথা কাটাকাটি হয়। শনিবার দিবাগত রাত ৩টায় অজ্ঞাত পাঁচ থেকে ছয় জন দিপুর বাড়িতে হানা দিয়ে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত রিপন হোসেন দিপু (৩০) শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে।

একই দিন সকালে ঝিকরগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটে।  নিহত তৌফিক ঐ গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে তৌফিক আহমেদ কৃষ্ণনগর গ্রামের আফিল ডিম ফ্যাক্টরির অদূরে পৌঁছালে এক দল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমএএম