দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নির্বাচিত সেরা বই-২০২৩ পুরস্কার ও লেখক সম্মাননার আয়োজন করেছে সাহিত্য সংস্কৃতির মাসিক পত্রিকা শব্দঘর। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবার শব্দঘর-এর একাদশতম জন্মদিন সংখ্যা উৎসর্গ করা হয়েছে প্রাবন্ধিক মফিদুল হক এবং কথাসাহিত্যিক মঞ্জু সরকারকে। এ দুই গুণীজনকে সংবর্ধনারও আয়োজন করা হয়েছে। এতে শব্দঘর উপদেষ্টা চিত্রশিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়া, শব্দঘর-এর একাদশতম জন্মদিন উদযাপন-উৎসবে অতিথিদের নিয়ে কেক কাটবেন শব্দঘর-এর প্রকাশক।
এবারের পুরস্কারপ্রাপ্ত বইগুলো হলো- কথাসাহিত্যে শাহ্নাজ মুন্নীর নির্বাচিত গল্প (চৈতন্য, ২০২২), কবিতায় মিনার মনসুরের ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম (কথাপ্রকাশ ২০২২), প্রবন্ধে মাহবুবুল হকের লোকসংস্কৃতি চর্চা (আগামী প্রকাশনী ২০২২) এবং অনুবাদের জন্য এমদাদ রহমানের নৈঃশব্দ্যের সংলাপ (জলধি ২০২১)।
উল্লেখ্য, সেরা বই ঘোষণার জন্য প্রকাশক বা লেখকের কাছ থেকে কোনো গ্রন্থ জমা দেওয়ার আহ্বান জানানো হয় না।
