নগরীর জামালখান এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ভবনে কাজ করার সময় দড়ি ছিঁড়ে ওপর থেকে পড়ে রাজীব দাশ (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুরে ইকুইটি মিলেনিয়াম নামের একটি ভবনের সাততলার উচ্চতা থেকে খালে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজীব দাশ সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে।
কোতোয়ালি থানার এসআই সেলিম মিয়া সাংবাদিকদের জানান, জামালথান এলাকায় ইকুইটি মিলেনিয়াম নামের একটি ভবন ভাঙার কাজ চলছে। ভবনের বাইরে সাততলা উচ্চতায় দড়ি ঝোলানো অবস্থায় এসি খুলছিল রাজীব। হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে খালে পড়ে যায় সে। পরে রাজীবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
