কুড়িগ্রামে মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫২

টানা তিনদিন মৃদু শৈত্যপ্রবাহের পর এবার মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। তাপমাত্রার পারদ ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। এছাড়া ঘন কুয়াশায় জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ বইছে। গত ১ সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৮-১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রামের সব প্রাথমিক ও ম্যাধমিক স্কুল পাঁচদিন ধরে বন্ধ রাখা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে সব স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে স্কুল খোলার ঘোষণা দেওয়া হবে। এই নির্দেশনা দিয়ে জেলার ৯ উপজেলায় চিঠি পাঠানো হয়েছে।’

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘এ মুহূর্তে জেলায় প্রায় ৬ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো বীজতলা আছে। ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আপাতত দেখছি না। তবে শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতি হতে পারে।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে এ অঞ্চলের ওপর দিয়ে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ বইছে। এ তাপমাত্রা আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে।’

ইত্তেফাক/এইচএ