দিনাজপুরের ফুলবাড়ীতে আবারও রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলার সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করেছে দিনাজপুর আবহাওয়া দপ্তর। এর আগে গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল ১০টার দিকে সূর্য উঁকি দিলেও হিমশীতল বাতাসের জন্য শীতের তীব্রতা কমেনি। তবে গতকাল সোমবার পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। পুরো দিন ছিল কুয়াশাচ্ছন্ন। দিনভর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে নিম্নবিত্তদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশাচালক-ভ্যানচালকসহ শ্রমজীবীরা।
জেলায় দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
জেলায় তাপমাত্রা নিম্নস্তরে চলে যাওয়ায় ২৩-২৪ জানুয়ারি দুইদিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম।
দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘তাপমাত্রা অল্প বৃদ্ধি পেলেও জেলাজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ আর ঘন কুয়াশা রয়েছে। বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ ও বাতাসের গতি ০২ নটস রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ ও বাতাসের গতি ছিল ০২ নটস।’
