ঝিনাইদহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫৬

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হন।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান ও স্থানীয় সংবাদকর্মী সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, সিএনজিযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি থ্রি-হুইলারকে টেনেহিঁচড়ে বেশ খানিকটা দূরে নিয়ে যায় এবং রাস্তার পাশে গিয়ে উল্টে যায়। থ্রি-হুইলারটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাদের পরিচয়- পান্তাপাড়া কাশেম মিয়া ও ঘুগরি গ্রামের আলমগীর হোসেন। এছাড়া আরও ছয়জন আহত হন। তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। থ্রি-হুইলার চালককে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর পরই ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।

ইত্তেফাক/এইচএ