রূপগঞ্জে পুলিশের পোশাক পরে ডাকাতি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২১:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তারাব পৌরসভার ডেমরা ব্রিজ ও তারাবো বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতির শিকার ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা। 

ডাকাতির শিকার ফাহিমা বলেন, আমি আমার ছেলে এবং আমাকে রিসিভ করতে আসা আমার আত্বীয়-স্বজন সবাই মিলে একটি প্রাইভেটকারে করে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। ডেমরা সুলতানা কামাল সেতু পার হয়ে আমরা যখন তারাবো বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি আসি তখন পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন লোক একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আসে এবং আমাদের গতিরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার টলিব্যাগ, লাগেজ, ভ্যানিটিব্যাগ ও হাতব্যাগ ছিনিয়ে নেয়। বিভিন্ন চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আমার থেকে ৮ ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছি। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক সাহা বলেন, ভুক্তভোগী ফাহিমা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

ইত্তেফাক/পিও